ছবিঃ সংগৃহীত
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও আসিফ আকবর বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী বেগম সালমা আসিফ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমা আসিফ জানান, পাঁচ বছর পর আবারও এমন ঘটনার মুখোমুখি হয়েছেন তারা। ভোরের ঘটনার কথা উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তার যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে বলা হয়, ভোর ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টার এলাকায় আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। ওই সময় তিনি গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে সালমা আসিফ জানান, গুলির শব্দ শুনে এবং নিচে থাকা নিরাপত্তাকর্মীর ডাকাডাকিতে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে ওপর থেকে সিসিটিভি ক্যামেরায় নজর দিয়ে গাড়িতে গুলি চালানোর ঘটনা দেখতে পান। এরপর নিচে নেমে আসার সময় একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে জানান তিনি।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই বলেও জানান সালমা আসিফ। তার ভাষ্য, আসিফ সব সময় সবার সঙ্গে মিলেমিশে চলেছেন এবং ন্যায্য কথা বলেছেন। এমন ঘটনা কেন ঘটল, তা তারা বুঝতে পারছেন না। ঘটনার পর আসিফ আকবর সুস্থ আছেন এবং বিশ্রাম নিচ্ছেন বলেও জানান তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তার গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্ক করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।