ছবিঃ সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. মোসলেম আহমদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন জানান, রোববার আসামিপক্ষ জামিনের আবেদন করলে শুনানির শুরুতে বিচারক ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় ভুক্তভোগী শিশুর দেওয়া জবানবন্দি দেখতে চান। পরে শুনানি এক ঘণ্টার জন্য মুলতবি করা হয়। জবানবন্দি পর্যালোচনার পর পুনরায় শুনানি শুরু হলে উভয় পক্ষের বক্তব্য, শিশুর জবানবন্দি ও মামলার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করেন।
বাদীপক্ষের আইনজীবী আরও জানান, আসামি জামিনে মুক্তি পেলে তদন্তকাজ ব্যাহত হওয়ার আশঙ্কার কথা আদালতকে জানানো হয়েছিল। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে জামিন দেওয়া হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তাঁরা যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। বর্তমান মামলাতেও পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই বলে আদালতে দাবি করা হয়েছে। অভিযোগগুলো মিথ্যা উল্লেখ করে আসামির জামিন চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করেন।