২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১০-২০২৬
সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বাজারে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ১১টি পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এক্সপোর উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। পরে বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য এবং সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার নির্বাহী বোর্ডের সদস্য ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

এ সময় মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা, কনসুলেটের কর্মকর্তা, সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাট্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস লিমিটেড।

এ ছাড়া ইপিবির উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে দেশের পোশাকশিল্প এবং অন্যান্য রপ্তানি পণ্যের সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

আয়োজক পিরামিডস গ্রুপের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোতে ৫৫০টির বেশি বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতা খুঁজে পাওয়া এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ