২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লিটনের ফিটনেসে নজর সালাহউদ্দিনের

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৬-১০-২০২৬
লিটনের ফিটনেসে নজর সালাহউদ্দিনের ছবিঃ সংগৃহীত

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েই অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে ব্যাটারদের প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই কোচ। তবে অনুশীলনে তাঁর বাড়তি নজর ছিল চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাসের ব্যাটিং ও ফিটনেসের দিকে।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। নেটে ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, জাকের আলী অনিক ও মুমিনুল হকসহ দলের একাধিক ব্যাটার। এ সময় লিটনের ব্যাটিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সালাহউদ্দিন। জাকের আলী অনিকের ব্যাটিং নিয়েও আলাদাভাবে কাজ করেন তিনি।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে চোটের কারণে ছিটকে পড়া লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন। তবে দলে ফিরলেও তাঁর একাদশে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও লিটনের ফিটনেস নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। অনুশীলনে ব্যাটিংয়ের সময় কোনো ব্যথা অনুভব না করলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই উইকেটকিপার-ব্যাটারের। এ কারণে গুরুত্বপূর্ণ টেস্টের আগে তাঁকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে টিম ম্যানেজমেন্ট।

ব্যাটারদের পাশাপাশি বোলারদের প্রস্তুতিতেও গুরুত্ব দিচ্ছে কোচিং প্যানেল। অনুশীলনে উপস্থিত ছিলেন সহকারী কোচ মালিবংওয়ে মাকেতা ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের স্পিনে চাপে ফেলার প্রস্তুতি হিসেবে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সঙ্গে কাজ করেন মুশতাক। এদিন বল হাতেও অনুশীলন করেন মুমিনুল হক।

এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষার প্রস্তুতিতে থাকা আলিস আল ইসলামের বোলিংও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সালাহউদ্দিন। সব মিলিয়ে আসন্ন সিরিজের আগে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিজেদের প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ দল।

বাংলাদেশের অনুশীলন শেষ হলে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি ব্যাটারদের নিয়ে কাজ করেন ক্যারিবীয় দলের প্রধান কোচ ড্যারেন সামি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ