২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন ফারুকী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১০-২০২৬
সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন ফারুকী ছবিঃ সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙছে—শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনকে মিথ্যা খবর ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন নির্মাতা ফারুকী। এ বিষয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে চান না। বরং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করে তাঁদের নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে জানতে চাইলে ফারুকী বলেন, তাঁকে নিয়ে আগে থেকেই নানা অপপ্রচার ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। তাঁর মতে, মিথ্যা খবর প্রচার করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বললে গুঞ্জন আরও উৎসাহ পাবে। তাই তিনি ও তিশা এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া যান তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। দেশটিতে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও নতুন বিজ্ঞাপনের কাজে যুক্ত হন।

বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন ফারুকী। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক এবং অন্য দুটি ভবন নির্মাণসামগ্রীর বিজ্ঞাপন। এরই মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে, যার দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য লেখার কাজও করছেন তিনি। একটি সিনেমার গল্প লেখা শেষ করে আরেকটির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই নির্মাতা। নতুন সিনেমাটির নাম আপাতত রেখেছেন ‘টু হেল, উইথ লাভ’। ফারুকীর ভাষায়, এটি প্রেমের গল্প হলেও প্রচলিত প্রেম ও বন্ধুত্বের বাইরের এক সম্পর্কের জগৎ নিয়ে তৈরি হবে। একে প্রেমের বিস্তৃত মানচিত্রের গল্পও বলা যায়।

এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে আরেকটি সিনেমার চিত্রনাট্যও লিখেছেন ফারুকী। তবে এখনো ছবিটির নাম ঠিক হয়নি। গল্পটি রাজনৈতিক ব্যঙ্গধর্মী নয়, বরং বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতার এক বেদনাদায়ক চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে তিশাও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

ফারুকী জানিয়েছেন, তিশা বর্তমানে একটি নতুন আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে বৈঠক করছেন। তবে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ