২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন এশা দেওল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১০-২০২৬
বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন এশা দেওল ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। ‘প্রতাপ’ নামের অ্যাকশন-ড্রামা সিনেমায় পুনম চরিত্রে অভিনয় করেছেন তিনি। জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরব সংগ্রাম এবং নিজের অন্তর্নিহিত শক্তি আবিষ্কারের গল্প উঠে আসবে এই চরিত্রের মধ্য দিয়ে। ইতিমধ্যে সিনেমাটিতে এশার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা।

আগামীকাল ২৬ অক্টোবর প্রকাশ করা হবে ‘প্রতাপ’ সিনেমার ঝলক। এরপর মুক্তি পাবে এর ট্রেলার। প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মসের তথ্য অনুযায়ী, আগামী ২০ নভেম্বর ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে সিনেমাটি। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ছবিটিতে এশা দেওল ছাড়াও অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া ও দুষ্মন্ত ওয়াগসহ অনেকে।

দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত এশা দেওল। তাঁর মতে, প্রত্যাবর্তনের জন্য এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। দেরিতে হলেও পছন্দের গল্পে অভিনয়ের সুযোগ পাওয়ায় তাঁর মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করছে। অভিনেত্রীর বিশ্বাস, গল্পের গভীরতাই সিনেমাটিকে আলাদা করে তুলবে।

‘প্রতাপ’-এ পুনমের কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন একজন মানুষের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে তার জীবন গড়ে ওঠে, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে। কিন্তু জীবনের একপর্যায়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে, যা তার দীর্ঘদিনের বিশ্বাস ও ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। তখন নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়।

ক্ষমতা, ন্যায়বিচার ও ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি ঘিরে এগিয়ে যায় গল্প। এশার মতে, এসব উপাদান তাঁর অভিনয়জীবনে সিনেমাটিকে ব্যতিক্রমী করে তুলেছে। দর্শকের মনেও ছবিটি গভীর ছাপ ফেলবে বলে আশা করছেন তিনি।

একুশ শতকের শুরুর দিকে বলিউডে সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিতি পেয়েছিলেন এশা দেওল। ‘কোই মেরে দিল সে পুছে’, ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিল নে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘শাদি নম্বর ওয়ান’ ও ‘পেয়ার মোহন’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

তবে দীর্ঘ সময় বলিউডে নিয়মিত থাকতে পারেননি এশা। বিয়ে ও পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ায় ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। এবার ‘প্রতাপ’ দিয়ে নতুনভাবে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর তাঁর অভিনয় কতটা দর্শকপ্রিয়তা পায়, সেটিই এখন দেখার অপেক্ষা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ