২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাফে ভারতকে নিয়ে ধোঁয়াশা কাটছে না

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৭-১০-২০২৬
সাফে ভারতকে নিয়ে ধোঁয়াশা কাটছে না ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে শঙ্কা কাটলেও শক্তিশালী দল পাঠানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এই প্রতিযোগিতায় সিনিয়র দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ বা রিজার্ভ দলের খেলোয়াড়দের পাঠাতে পারে বলে জানা গেছে। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে বেশি গুরুত্ব দেওয়ায় ভারতের এমন পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় দল গঠন নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর শেষ পর্যন্ত না হওয়ায় দুই দেশের ক্রীড়াঙ্গনে যে আলোচনা তৈরি হয়েছিল, তার মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা জিতেছে ভারতের নারী হ্যান্ডবল দল। এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের দল পাঠানো নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। স্বাগতিক বাংলাদেশ ইতিমধ্যে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রাথমিক দল নিয়ে অনুশীলন শুরু করেছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের চূড়ান্ত দল সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। ১৮ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোর ২৮ সদস্যের দল জমা দেওয়ার কথা থাকলেও ভারতের দল ঘোষণা নিয়ে গোপনীয়তা বজায় রয়েছে।

ভারতের সাফে অংশগ্রহণের বিষয়টি অবশ্য নিশ্চিত হয়েছে। মোহনবাগান ক্লাবের ম্যানেজার অভিষেক ভট্টাচার্য আইএসএলের একটি ম্যাচের আগে জানিয়েছেন, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাঁদের দলের তিন তরুণ ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী, স্ট্রাইকার সুহেল ভাট ও প্রিয়াংস দুবে। এই তিন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ভারতের অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

ভারতের ফুটবল পরিকল্পনায় এখন আন্তর্জাতিক প্রীতি ম্যাচও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নভেম্বরের ফিফা উইন্ডোতে ১২ ও ১৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে দুটি ম্যাচ খেলার সূচি রয়েছে তাদের। ফলে সাফ চ্যাম্পিয়নশিপে সিনিয়র দলের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাফ শুরু হলেও ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সূচির কারণে ভারতের সম্ভাব্য অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ক্যাম্প আগেভাগে শুরু করা কঠিন হতে পারে। ৫ নভেম্বর মোহনবাগান ও ওড়িশা এফসির ম্যাচ থাকায় ৪ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের নিয়ে সংক্ষিপ্ত ক্যাম্প আয়োজন অথবা সরাসরি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। দলটির দায়িত্বে রয়েছেন নওশাদ মুসা। সাফের উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে খেলবে তারা।

ভারত ‘বি’ দল পাঠাতে পারে—এমন আলোচনা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এখনও আশাবাদী, শক্তিশালী দল নিয়েই ঢাকায় আসবে বর্তমান চ্যাম্পিয়নরা। বাফুফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ভারতের কোচ খালিদ জামিল নাকি অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে সিনিয়র দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তাঁর আশঙ্কা, দ্বিতীয় সারির দল নিয়ে ভারত ভালো করতে না পারলে ব্যর্থতার দায় শেষ পর্যন্ত কোচের ওপরই পড়বে। তখন দলটি ‘বি’ দল ছিল—এ যুক্তির চেয়ে ভারতের পরাজয়ই বেশি আলোচনায় আসবে।

সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত হলেও তারা কোন মানের দল নিয়ে বাংলাদেশে আসবে, তা নিয়ে অপেক্ষা বাড়ছে। বর্তমান চ্যাম্পিয়নদের শক্তিশালী দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ, সেটিই এখন দেখার বিষয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ