২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

তিশার বিরুদ্ধে মামলার তদন্ত করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-১০-২০২৬
তিশার বিরুদ্ধে মামলার তদন্ত করবে সিআইডি ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করেন। শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বাদী একজন ফ্যাশন ডিজাইনার। রাজধানীর গুলশানের ১২৭ নম্বর সড়কে তাঁর একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। বিভিন্ন ফ্যাশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সূত্রে তিশার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর সাবেক চালকের মাধ্যমে বাদীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

তবে গত বছরের ১০ মে দাখিল করা পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের পক্ষে বাদী কোনো দালিলিক প্রমাণ দিতে পারেননি। তদন্তের অংশ হিসেবে তিশার বক্তব্যও নেওয়া হয়। তিশা জানান, তাঁর সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যান। পরে তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান। নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শাড়িটি পাঠানো হয়।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে অভিযোগের পক্ষে অপরাধ প্রমাণিত হয়নি বলে মত দেন। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের পর আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছেন। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ