২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৯-১০-২০২৬
উল্লাপাড়ায় মাসব্যাপী চলছে জমজমাট বাণিজ্য মেলা ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে জমজমাট গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা।স্থানীয় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় প্রতিদিন ভীড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।

দেশীয় পণ্য,হস্তশিল্প,শিশুদের বিনোদনমূলক রাইড ও বাহারি খাবারের সমাহারে মেলাটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে অন্যতম আকর্ষণীয়।উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় গত ৫ অক্টোবর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুল কাদের শেখ। বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। মেলার অন্যতম বিশেষত্ব হলো,এখানে নেই কোনো জুয়ার আসর,হাউজি কিংবা লটারির আয়োজন।ফলে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা। সকালে লোকসমাগম তুলনামূলক কম থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলার বিভিন্ন স্টলে স্থান পেয়েছে দেশীয় পণ্য, হস্তশিল্প ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ। রয়েছে হাতে তৈরি পোশাক,পাটের ছিকা, হাতে বানানো ব্যাগ, শিশুদের পোশাক, মাটির তৈরি খেলনা এবং মেয়েদের চুড়ি, মালাসহ বিভিন্ন ধরনের গহনা।এ ছাড়া নারীদের সাজসজ্জার সামগ্রী ও বাহারি খাবারের দোকানও রয়েছে। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি রাইড, যেখানে তাদের ভীড়ই বেশি চোখে পড়ছে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় মোট ৭০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে স্টল দিয়েছেন। দেশীয় পণ্যের প্রচার,স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী শিহাব সরকার, জামিউল ইসলাম ও জারিফ ইসলাম জানায়,আগে এ ধরনের মেলা দেখতে তাদের জেলা শহরে যেতে হতো। এবার বাড়ির কাছেই বাণিজ্য মেলার আয়োজন হওয়ায় সহজেই মেলায় আসতে পারছে তারা। প্রায় প্রতিদিন বিকেলে এসে বিভিন্ন রাইডে চড়াসহ মেলার নানা আয়োজন উপভোগ করছে। তাদের কাছে মেলাটি বেশ আনন্দের ও আকর্ষণীয়।মেলায় কথা হয় স্থানীয় শিক্ষক জহুরুল ইসলাম ও রাজু আহমেদের সঙ্গে।তারা বলেন, আগে বিভিন্ন শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর, হাউজি বসতে দেখা যেত। এসব আসরে তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে উল্লাপাড়ার এবারের মেলায় জুয়া কিংবা অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো আয়োজন নেই। ফলে শিক্ষার্থী ও তরুণদের জন্য মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ