ছবিঃ সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচনি ভাগ্য পরিবর্তনে নিজের সমর্থনের বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, নেতানিয়াহুর সর্বশেষ নির্বাচনি ফলাফলকে অনেকে নিশ্চিত পরাজয় হিসেবে ভাবলেও, তার সমর্থনের পর তা এখন সম্ভাব্য বিজয়ের রূপ নিয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প আরভিং সি শোয়ার্জের একটি বিবৃতি শেয়ার করে এই দাবি করেন। শোয়ার্জ ওই পোস্টে লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন নেতানিয়াহুকে সমর্থন জানালেন, তখন পুরো রাজনৈতিক জোয়ারটাই ঘুরে গেল।” তিনি আরো উল্লেখ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য যা একসময় ‘নির্ধারক পরাজয়’ বলে মনে হচ্ছিল, তা এখন ‘একটি বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ড্র, এমনকি নেতানিয়াহুর জন্য একটি ‘জয়’ হিসেবে দেখা দিচ্ছে।
পোস্টটির শেষাংশে ট্রাম্পের রাজনৈতিক সদিচ্ছার প্রশংসা করে বলা হয়, তিনি ‘কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মঙ্গল চান।”
মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসরায়েলে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার থেকে ভোটগণনা শুরু হয়েছে। বুথ ফেরত বিভিন্ন জরিপের ফলাফল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ভোটের গণনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ দল এগিয়ে থাকলেও, সরকার গঠন করা সম্ভব হবে কি না- তা নিয়ে এখনো অশ্চিয়তা কাটেনি।
দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র নেতানিয়াহু যখন তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই নির্বাচনে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন, তখন ট্রাম্পের এই মন্তব্য তার প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য সমর্থনকে আরো স্পষ্ট করল। তবে ট্রাম্পের এই সমর্থনই সরাসরি ভোটারদের প্রভাবিত করেছে কিনা, সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট প্রমাণ ওই পোস্টে উল্লেখ করা হয়নি।