ছবিঃ সংগৃহীত
ভারতের টেনিস প্রশাসনে যুক্ত হতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশটির সাবেক তারকা সানিয়া মির্জা। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) আসন্ন নির্বাচনে ‘স্পোর্টস পারসন অব আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) শ্রেণিতে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। একই শ্রেণিতে প্রার্থী হয়েছেন ভারতের আরেক সাবেক টেনিস তারকা মহেশ ভূপতি। তাঁদের মনোনয়ন ঘিরে দেশটির টেনিস প্রশাসনে সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আগামী ৭ নভেম্বর এসওএম শ্রেণির নির্বাচন সামনে রেখে সানিয়া ও ভূপতিসহ আট সাবেক খেলোয়াড় মনোনয়ন জমা দিয়েছেন। অন্য প্রার্থীরা হলেন অঙ্কিতা ভাম্বরি, ভারতের বর্তমান ডেভিস কাপ কোচ আশুতোষ সিং, গৌরব নাতেকর, জানকি কৃষ্ণমূর্তি, শালিনী ঠাকুর চাওলা এবং বর্তমান বিলি জিন কিং কাপ দলের অধিনায়ক বিশাল উপ্পল।
এআইটিএর নির্বাহী কমিটির নির্বাচনেও মনোনয়ন দিয়েছেন সানিয়া। এ নির্বাচনে তাঁর সঙ্গে প্রার্থী হয়েছেন মহেশ ভূপতি, অঙ্কিতা ভাম্বরি, জানকি কৃষ্ণমূর্তি ও বিশাল উপ্পল।
এদিকে এআইটিএর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আলোচনায় ছিলেন ভারতের আরেক টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। পশ্চিমবঙ্গ টেনিস অ্যাসোসিয়েশন তাঁর প্রার্থিতাকে সমর্থন করেছিল। তবে এসওএম শ্রেণির মনোনয়ন তালিকায় তাঁর নাম নেই। ফলে বর্তমান যোগ্যতার নিয়ম অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তাঁর জন্য সীমিত হয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিচালনা আইন ও বিধি অনুসারে জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্ট রাজ্য ক্রীড়া সংস্থার কোনো পদে অন্তত এক মেয়াদ দায়িত্ব পালনের শর্ত রয়েছে। লিয়েন্ডার পেজ সেই শর্ত পূরণ করেননি। তবে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এআইটিএ নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারবেন তিনি।
ক্রীড়া প্রশাসনে আন্তর্জাতিক পর্যায়ে খেলা সাবেক খেলোয়াড়দের যুক্ত করার পক্ষে মত দিয়েছেন মহেশ ভূপতি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, প্রতিটি ক্রীড়া সংস্থার শীর্ষ পর্যায়ে এমন খেলোয়াড়দের থাকা প্রয়োজন, যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন এবং সংশ্লিষ্ট খেলার উন্নয়নে অবদান রাখতে পারবেন। এ প্রসঙ্গে ভারতের ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচাঁদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
ডাবলসে সাবেক বিশ্বসেরা মহেশ ভূপতি একাধিক গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। অন্যদিকে সানিয়াও ডাবলসে সাবেক বিশ্বসেরা। নারী ও মিশ্র দ্বৈত বিভাগ মিলিয়ে তাঁর গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা ছয়।
এআইটিএর সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, এসওএম শ্রেণি থেকে সাধারণ পরিষদে চারজন প্রতিনিধি নির্বাচিত হবেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী থাকবেন। এ ছাড়া ১৫ সদস্যের নির্বাহী কমিটিতে এই শ্রেণি থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি নির্বাচিত হবেন।