৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
পাসপোর্ট বাতিলের পর যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বলসোনারো ছবিঃ সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো। ব্রাজিলের কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাতিল করার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে মায়ামির একটি বিমানবন্দরে দেখা যায় তাঁকে। তবে ফ্লোরিডাই তাঁর চূড়ান্ত গন্তব্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মায়ামি-ওপা লোকা এক্সিকিউটিভ বিমানবন্দরে বিমান থেকে নামার সময় আলোকচিত্রীদের ভিড়ের মুখে পড়েন ফ্লাভিও। এ সময় তাঁর সহযোগীরা ছাতা দিয়ে তাঁকে আড়াল করার চেষ্টা করেন।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাননি ফ্লাভিও। প্রথমে স্থলপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন তিনি। আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে স্ত্রী ফার্নান্দা এবং দুই মেয়ে লুইজা ও ক্যারোলিনাকে নিয়ে দেশটিতে প্রবেশ করেন তিনি।

পরে তাঁদের বহনকারী বিমানটি জ্বালানি নেওয়ার জন্য ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়ায়াকিলে যাত্রাবিরতি করে। সেখান থেকে তাঁরা যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হন।

নির্বাচনে পরাজয়ের পর টানা দুই দিন ফ্লাভিওকে প্রকাশ্যে দেখা যায়নি। ফলে তাঁর অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও তাঁর পরবর্তী গন্তব্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফ্লাভিওর পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ