ছবিঃ সংগৃহীত
একসময় নিয়মিত অভিনয়ে দেখা গেলেও এখন বেছে বেছে কাজ করছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। ভালো চিত্রনাট্য, পছন্দসই পরিবেশ, দক্ষ পরিচালক, উপযুক্ত চরিত্র ও যথাযথ পারিশ্রমিক—সবকিছুর সমন্বয় হলেই কেবল কাজে যুক্ত হন তিনি। শশীর ভাষায়, মানহীন কাজ করার চেয়ে কম কাজ করাই শ্রেয়।
দশম শ্রেণিতে পড়ার সময় কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় ‘টুনি’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শশীর অভিনয়জীবনের শুরু। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিকে এখনো নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করেন তিনি।
সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় শশীর প্রাতিষ্ঠানিক অভিনয়-অভিজ্ঞতা ছিল না। তবে তার চোখের অভিব্যক্তি দেখেই তাকে বেছে নেন পরিচালক সুচন্দা। সিনেমাটিতে দুটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান শশী। চিত্রনায়ক রিয়াজ ও প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের জীবনের অমূল্য সম্পদ বলে মনে করেন তিনি।
শশী বলেন, এসব গুণী শিল্পীর কাছ থেকে যা শিখেছেন, তা তার জীবনের মূল্যবান অর্জন। দর্শকদের মানসম্মত কাজ উপহার দেওয়াই তার মূল লক্ষ্য। এ কারণেই কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন তিনি।
বর্তমানে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’তে ‘এশা’ চরিত্রে অভিনয় করছেন শশী। পাশাপাশি নতুন ওটিটি প্রকল্প ও সিনেমায় কাজের বিষয়ে বিভিন্ন পরিচালকের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।