৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না’: পুতিন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না’: পুতিন ছবিঃ সংগৃহীত

ইউরোপের সঙ্গে যুদ্ধ বাধলে রাশিয়া পুরোপুরি তৈরি আছে, যদিও এমন কোনো সংঘাত মস্কোর কাম্য নয়—এমন বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খবরটি দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

টেলিগ্রাফ জানায়, নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনে কথা বলার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুতিন এ মন্তব্য করেন। ফোনালাপ শেষে তিনি বলেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ফেরানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে তিনি সমর্থন করেন।

একই সঙ্গে পুতিনের হুঁশিয়ারি ছিল, ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত। উত্তেজনা বাড়তে বাড়তে যুদ্ধ যদি অনিবার্য হয়েই ওঠে, তবে কেউই জয়ী হবে না। এদিকে পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। সে প্রসঙ্গ টেনে পুতিন বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের মধ্যে কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে।’

প্রায় একই অবস্থান পুতিন জানিয়েছিলেন ২০২৫ সালের ডিসেম্বরেও। সেবার তিনি বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না। তবে ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’

বৃহস্পতিবারের বক্তব্যে পুতিন আরও দাবি করেন, রাশিয়াকে কৌশলগতভাবে হারানোর লক্ষ্যে পশ্চিমারা সফল হয়নি। তাঁর ভাষায়, ‘রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই জয়ী হবে না’। ইউরোপের দেশগুলোকে বিষয়টি ‘ভুলে না যাওয়ার’ আহ্বান জানান তিনি।

এর আগে ফোনে পুতিনের কথা হয় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে। রুশ নেতার ভাষ্য, আলাপের উদ্যোগ নিয়েছিলেন ইউরোপীয় নেতারাই। আলোচনাটিকে তিনি সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ বলে উল্লেখ করেন।

সূত্র: টেলিগ্রাফ



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ