৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিমানের ত্রুটিতে দেরি হলেও কাউকে ফেলে আসেননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩১-১০-২০২৬
বিমানের ত্রুটিতে দেরি হলেও কাউকে ফেলে আসেননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন ছবিঃ সংগৃহীত

বিমানের যান্ত্রিক ত্রুটিতে জাপান থেকে ফিরতে দেরি হয়েছে, তবু সফরসঙ্গীদের কাউকে পেছনে না রেখে সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

রুমন বলেন, ‘জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল। তবে জাপান থেকে প্রধানমন্ত্রী চাইলেই অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সবাইকে সেখানে ফেলে তিনি সেটি করতে চাননি। ওই মুহূর্তে প্রধানমন্ত্রী বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেছেন, তাদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন।’

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। তাতে ছিলেন জাপানে চারদিনের সরকারি সফর শেষ করা প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

অবতরণের পর এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘জাপান থেকে বিমান ছাড়ার আগে পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যার দিয়ে দ্রুত সেটির সমাধান করা হয়।’

রুমন জানান, সে সময় শিশুদের খাবারের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁর ভাষায়, ‘তিনি তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন। বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন।’

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চারদিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে ঢাকার পথ ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

সফরে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন তারেক রহমান। জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয় তাঁর। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের নানা দিক এসব আলোচনায় উঠে আসে।

জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ