০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ড্রোন থেকে ভূমিকম্পসহনশীল দালান: বগুড়া বীট মডেল স্কুলের বিজ্ঞান মেলায় শতাধিক প্রকল্প

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩১-১০-২০২৬
ড্রোন থেকে ভূমিকম্পসহনশীল দালান: বগুড়া বীট মডেল স্কুলের বিজ্ঞান মেলায় শতাধিক প্রকল্প ছবিঃ সংগৃহীত

প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি শতাধিক বিজ্ঞান প্রকল্প নিয়ে আজ বগুড়ার ঐতিহ্যবাহী বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল দিনব্যাপী বিজ্ঞান মেলা।

শনিবার বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ প্রধান অতিথি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা ঘুরে ঘুরে প্রকল্পগুলো দেখেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের নানা বিষয় নিয়ে এসব প্রকল্প সাজিয়েছিল মেধাবী শিক্ষার্থীরা।

নজর কাড়া উদ্ভাবনের মধ্যে ছিল ‘অপারেশন স্যাডো-১২৯ ড্রোন’, ‘স্মার্ট সোলার হাউজ’, ‘ভূমিকম্প সহনশীল দালান’, ‘স্মার্ট ফায়ার রেসকিউ হাউজ’, ‘প্রাকৃতিক ভারসাম্য’, হোমমেড এয়ারকুলারসহ পরিবেশবান্ধব আরও কিছু উদ্ভাবন।

শিক্ষার্থীদের কাজ দেখে তাদের সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্ক চিন্তার প্রশংসা করেন অতিথিরা। তাঁদের মতে, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের কৌতূহল বাড়ায় এবং খোঁজার ও নতুন কিছু উদ্ভাবনের মানসিকতা তৈরিতে সাহায্য করে।

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বাসসকে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ আর হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা দিতেই এ মেলার আয়োজন। ভবিষ্যতে এই শিক্ষার্থীরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

সারা দিনের এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দিন শেষে বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে শহীদুল্লাহ হাউস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ