৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রত্যন্ত এলাকায় ক্যান্সার শনাক্তে ভূমিকা রাখবেন ২৫ হাজার মিডওয়াইফ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৬
প্রত্যন্ত এলাকায় ক্যান্সার শনাক্তে ভূমিকা রাখবেন ২৫ হাজার মিডওয়াইফ: স্বাস্থ্যমন্ত্রী ছবিঃ সংগৃহীত

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো ও নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকায় নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ নানা রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং দরকারি পরামর্শ দেওয়ায় এই মিডওয়াইফরা ভূমিকা রাখবেন।

শুক্রবার নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শুরুতে ধরা পড়লে ঠিকঠাক চিকিৎসায় সেরে ওঠার সম্ভাবনা অনেক বাড়ে। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ে সরকার এরই মধ্যে টিকাদান কর্মসূচি চালু করেছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক ও সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের বন্ধু থাকবে অনেক, কিন্তু প্রভু থাকবে না। দেশটি আয়তনে ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক। দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মানা হবে না, আর দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেলাব উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখও উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ