০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

জ্বালানি সংকটের রাতারাতি সমাধান নেই, ছাদে সৌরবিদ্যুতের আইন আসছে আগামী অধিবেশনে: বিদ্যুৎমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০১-১১-২০২৬
জ্বালানি সংকটের রাতারাতি সমাধান নেই, ছাদে সৌরবিদ্যুতের আইন আসছে আগামী অধিবেশনে: বিদ্যুৎমন্ত্রী ছবিঃ সংগৃহীত

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইনটি জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার রাজধানীতে নিউএইজ পত্রিকার আয়োজনে এক গোলটেবিল বৈঠকে কথা বলছিলেন তিনি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে যে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা তৈরি হয়েছে, রাতারাতি তার সমাধান হবে না। তবে জনগণের স্বার্থ মাথায় রেখে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সহনীয় পর্যায়ে ধরে রাখতে সরকার নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাঁর ভাষায়, ‘বিশ্বজুড়ে চলমান দ্বন্দ্ব-সংঘাতের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে উদ্ভূত জ্বালানি সংকট সামলাতে এবং মানুষের ঘাড়ে জ্বালানি ঘাটতির বোঝা কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দিতে বাধ্য হয়েছে সরকার, জানান ইকবাল হাসান মাহমুদ।

নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। মন্ত্রীর কথায়, জনগণও স্বাভাবিক জ্বালানি সরবরাহই প্রত্যাশা করে।

যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা আবারও জানান মন্ত্রী। তিনি বলেন, সেই চেষ্টার অংশ হিসেবেই জ্বালানির ঘাটতি মেটাতে ও ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আরও বেশি স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ