০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০১-১১-২০২৬
দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি ছবিঃ সংগৃহীত

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে টানা নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে শারীরিক জটিলতা কাটিয়ে নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী।

‘অংশীদার’ নামের একটি নতুন নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সম্প্রতি নিজের ফেসবুক টাইমলাইনে তানিয়া বৃষ্টির শুটিংয়ের কয়েকটি দৃশ্য প্রকাশ করেন তিনি। অভিনেত্রীকে স্বাগত জানিয়ে নির্মাতা লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয় তাঁর। দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর এবার অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ