০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভের পর পোশাকশিল্প মালিকদের সঙ্গে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০২-১১-২০২৬
৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভের পর পোশাকশিল্প মালিকদের সঙ্গে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবিঃ সংগৃহীত

শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করা এবং তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ মেটানোর লক্ষ্যে কারখানা মালিকদের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পোশাক খাতের বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার সচিবালয়ে বৈঠকটি হয়।

গতকাল ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও টাঙ্গাইলে পোশাক শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন।

দেশের গুরুত্বপূর্ণ এই রপ্তানিমুখী খাতে উৎপাদন যেন নিরবচ্ছিন্ন থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকে, সে লক্ষ্যে শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সংকট মেটানোর উদ্যোগ নিয়েছে সরকার।

রোববারের বিক্ষোভে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। সড়ক অবরোধের পাশাপাশি কারখানা ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

এর মধ্যে শ্রমিক বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ জন নেতাকর্মীকে ঢাকায় আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীও রয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় পোশাক শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো পর্যালোচনা করতে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধির পাশাপাশি একজন স্বতন্ত্র সদস্যও আছেন এ বোর্ডে।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি এখন ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকেরা এটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি তুলেছেন; এর পক্ষে তাঁরা বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত ও চিকিৎসার খরচসহ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়ার কথা বলছেন।

এমন অবস্থায় সহিংসতা, ভাঙচুর ও সড়ক অবরোধ থেকে সরে এসে শ্রমিকদের যার যার কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সরকার। দাবি আদায়ে সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নিতেও বলা হয়েছে।

অন্যদিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ উদ্বেগ জানিয়ে বলেছে, অসন্তোষ দীর্ঘ হলে কারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে, রপ্তানি কার্যক্রম পিছিয়ে যেতে পারে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের প্রতিশ্রুতিও ক্ষুণ্ন হতে পারে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ