ছবিঃ সংগৃহীত
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় এক প্রস্তুতিমূলক সভা করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
দিবসটি ঘিরে কী কী কর্মসূচি পালন করা হবে, সভায় তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে আছে জাতীয় পতাকা উত্তোলন, শিশু পরিবার ও কারাগারে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলা, উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল। দিবসটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
নতুন প্রজন্মের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর জোর দেন বক্তারা। তাঁরা বলেন, যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সরকারি-বেসরকারি সব দপ্তর ও প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি কর্মসূচি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়িত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান তাঁরা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাইদ এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ অনেকে এতে অংশ নেন।