ছবিঃ সংগৃহীত
আইসিসির সহযোগী দেশ নামিবিয়া ইতিহাস গড়েছে—ওয়ানডে ফরম্যাটে এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে দলটি।
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে নামিবিয়া হারিয়েছে ৫ উইকেটে, তাতে সিরিজ তাদের হলো ৩-২ ব্যবধানে। নিজেদের দ্বিতীয় ওয়ানডে সিরিজেই জয়ের স্বাদ পেল নামিবিয়া।
২০২৭ সালের বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়া গত সেপ্টেম্বরে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ৩-০ ব্যবধানে।
এই সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে ৫৫ রানে হেরে যায় নামিবিয়া। দ্বিতীয় ম্যাচে ৩১ রানের জয়ে সমতায় ফেরে তারা, যা ছিল আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচ ৬৩ রানে জিতে ২-১-এ এগিয়ে যায় দলটি। কিন্তু চতুর্থ ম্যাচে ১৩০ রানের জয় তুলে আয়ারল্যান্ড সিরিজে ফের ২-২ সমতা আনে।
উইন্ডহুকে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড, কিন্তু নামিবিয়ার বোলিং আক্রমণের মুখে ৩৩.১ ওভারে ১২৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে জর্ডান নিলের ব্যাট থেকে। নামিবিয়ার হয়ে জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে নামিবিয়া। ওপেনার লরেন স্টিসকাম্প করেন ৪৬ রান, আর অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে করেন ৩০।
২০ রান খরচায় ৪ উইকেট নেওয়া স্মুথ ম্যাচসেরার পুরস্কার পান। সিরিজে ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন ইরাসমুস।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে, কিন্তু নামিবিয়া সে সুযোগ পাবে না; আইসিসির সহযোগী দেশ হওয়ায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে দলটিকে।