ছবিঃ সংগৃহীত
আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। আসরটির জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে জায়গা হয়নি পেসার মারুফা আক্তারের; ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে দলে সুযোগ পাননি তিনি।
সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সোবহানা মোস্তারি। এ টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাহিদার যাত্রা শুরু হবে। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন নিগার সুলতানা জ্যোতি।
এশিয়ান গেমসের দলে এসেছে তিনটি বদল। মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শারমিন সুলতানার জায়গায় ডাক পেয়েছেন ব্যাটার সাথি রানী, স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা এবং পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস। দুই বছর পর সাথি আর দেড় বছর পর সুমনা টি-টোয়েন্টি দলে ফিরলেন; দিশার এখনো এ ফরম্যাটে অভিষেক হয়নি।
নারী ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর বসছে সংযুক্ত আরব আমিরাতের আজমানে, শুরু আগামী ১২ নভেম্বর। এবার খেলবে ১০টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে; ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক আমিরাত, শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে দলটি। দুই গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে খেলবে, আর সে পর্বের সেরা দুই দল ২৫ নভেম্বর ফাইনালে লড়বে।
আমিরাতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১০ নভেম্বর।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।