০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তা সচেতনতায় শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
সাইবার নিরাপত্তা সচেতনতায় শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা ছবিঃ সংগৃহীত

ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা এবং কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি। জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৬ উপলক্ষে গত ২৯ অক্টোবর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে সিনিয়র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকের ডিজিটাল সম্পদ সুরক্ষায় অক্টোবর মাসজুড়ে সব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক কর্মশালার আয়োজন করে ব্যাংকটি।

কর্মশালায় ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশের মতো সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং অপরিচিত ই-মেইল, সন্দেহজনক লিংক ও সংযুক্ত ফাইল খোলার ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।

কর্মকর্তাদের পাসওয়ার্ড, ওটিপি, পিনসহ কোনো গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অস্বাভাবিক লেনদেন, সন্দেহজনক ই-মেইল কিংবা নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইটি নিরাপত্তা বিভাগকে জানানোর আহ্বান জানানো হয়।

কর্মশালায় বলা হয়, সাইবার নিরাপত্তা শুধু কোনো নির্দিষ্ট বিভাগের দায়িত্ব নয়; প্রতিষ্ঠানের প্রত্যেকের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ডিজিটাল সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ