০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাফের প্রস্তুতিতে বাংলাদেশ, ঢাকায় পৌঁছেছে ভুটান

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
সাফের প্রস্তুতিতে বাংলাদেশ, ঢাকায় পৌঁছেছে ভুটান ছবিঃ সংগৃহীত

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এর আগে বিকেল সাড়ে ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ছয় দলের এই প্রতিযোগিতায় অংশ নিতে সবার আগে ঢাকায় পৌঁছেছে ভুটান ফুটবল দল। তবে তাদের আগমন নিয়ে আয়োজকদের পক্ষ থেকে তেমন কোনো প্রচার বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

গত সোমবার অনেকটা নীরবেই বাংলাদেশে এসে পৌঁছায় ভুটান দল। মঙ্গলবার থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করার কথা রয়েছে তাদের। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ গতকাল ফ্লাডলাইটের আলোয় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে। ভারত ও পাকিস্তান দলেরও আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ভুটানের বিপক্ষে খেলার সাম্প্রতিক অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। গত বছরের ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সংস্কারকাজ শেষে ওই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় স্টেডিয়ামে নতুন করে ফুটবল ফিরেছিল। ম্যাচটিতে ভুটানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটিও সেদিন ভুটানের বিপক্ষেই করেছিলেন হামজা চৌধুরী।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ছয়টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত হয়েছে ‘এ’ গ্রুপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ