ছবিঃ সংগৃহীত
ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তিনটি ম্যাচ আয়োজনের পর প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকার লোকসানের মুখে পড়েছে সংস্থাটি। এর মধ্যে ব্রাজিল ও উরুগুয়ে দলকে এখনো বকেয়া অর্থ পরিশোধ করতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে এআইএফএফের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দিয়েছে সংশ্লিষ্ট পক্ষ। এমন পরিস্থিতিতে গত রোববার অনুষ্ঠিত ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় (স্পেশাল জিএম) আর্থিক সংকট মোকাবিলায় ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাব দেন সভাপতি কল্যাণ চৌবে। তবে তাঁর এই প্রস্তাবের বিরোধিতা করেন সাবেক সভাপতি প্রফুল্ল প্যাটেল।
গত মাসে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্ষে তিনটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল। তিন ম্যাচের কোনোটিতেই জয় পায়নি ভারত। তবে প্রতিপক্ষের বিপক্ষে তাদের পারফরম্যান্স ফুটবলমহলে প্রশংসিত হয়েছিল। কিন্তু মাঠের সেই সাফল্য ও প্রশংসার বিপরীতে ম্যাচগুলো আয়োজন করতে গিয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেডারেশন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনটি ম্যাচ আয়োজন করতে গিয়ে এআইএফএফের প্রায় ৮০ থেকে ৮৫ কোটি টাকার লোকসান হয়েছে। সেই আর্থিক চাপ সামলাতে গিয়ে এখন বিভিন্ন পক্ষের পাওনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে সংস্থাটি।