০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘বিগ শো’ ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ‘বিগ শো’ ম্যাক্সওয়েল ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার জার্সিতে গ্লেন ম্যাক্সওয়েলের দীর্ঘ পথচলার অবসান ঘটল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানলেন ‘বিগ শো’ খ্যাত এই তারকা।

৩৮ বছর বয়সী ম্যাক্সওয়েল এর আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০১৭ সালের পর আর টেস্ট খেলেননি তিনি। তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ছিলেন এই অলরাউন্ডার। এবার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রাজ্য পর্যায়ের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের ব্যবস্থাপনার সঙ্গে তার কয়েক দফা আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কোনো চাপ ছিল না বলেও উল্লেখ করেন তিনি। ম্যাক্সওয়েলের ভাষায়, আলোচনা ছিল খোলামেলা এবং দুই পক্ষই ভবিষ্যতের জন্য দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি বলেন, সামনে কয়েকটি সিরিজ থাকায় দল ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে চেয়েছিল। জুনে বাংলাদেশ সফরেও সেই পরিকল্পনার প্রতিফলন দেখা গেছে। সেখানে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করেছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে একটি আক্ষেপ রয়ে গেছে ম্যাক্সওয়েলের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা ছিল তার। এ প্রসঙ্গে তিনি বলেন, এমসিজিতে একটি বিদায়ী ম্যাচ খেলার ছোট্ট আশা ছিল। তবে দল যে পথে এগোচ্ছে, সেটিও তিনি বুঝতে পারছেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-টোয়েন্টি ও সাতটি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ের বিস্ফোরক ধরন, কার্যকর বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন এই তারকা।

রাজ্য পর্যায়ের ক্রিকেট থেকে তার বিদায়েও প্রতিক্রিয়া জানিয়েছেন ভিক্টোরিয়ার হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার গ্রাহাম মানউ। তিনি বলেন, ১৬ বছরের বেশি সময় ধরে ভিক্টোরিয়ার ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন ম্যাক্সওয়েল। রাজ্যের হয়ে খেলা সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের একজন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ