ছবিঃ সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ, এক রহস্যময় যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন তিনি। এবার প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে যান কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুজনকে পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায়। একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবারও খাইয়ে দেন অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়। এরই মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে কেয়া লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
তবে ওই যুবকের পরিচয় কিংবা তার সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো মুখ খোলেননি কেয়া পায়েল। সম্প্রতি প্রেম ও বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। অভিনেত্রীর মতে, প্রেমের সৌন্দর্য অনেকটাই এর গোপনীয়তার মধ্যে। কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’ বিয়ে নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, বিয়ের সিদ্ধান্ত নিলে সেটি আর গোপন রাখবেন না। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি। কেয়া বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’ অভিনেত্রীর এমন বক্তব্যের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। মালদ্বীপে দেখা সেই যুবকই কি তার জীবনের নতুন কেউ, নাকি সম্পর্কটি কেবল বন্ধুত্বের— তা এখনো নিশ্চিত নয়। আপাতত নিজের প্রেমের বিষয়টি আড়ালেই রাখতে চান কেয়া পায়েল।