ছবিঃ সংগৃহীত
গবেষণালব্ধ উদ্ভাবনের সুরক্ষা, মেধাস্বত্বের যথাযথ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণে গবেষক ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস-আইপিআর) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং প্রকল্পের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক ও কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। পরে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে উপাচার্য কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের প্রকৃত সার্থকতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। গবেষকদের সৃজনশীলতা ও মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি উদ্ভাবনের সুরক্ষা, গোপনীয়তা এবং কার্যকর প্রযুক্তি হস্তান্তর সম্পর্কে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। উপাচার্য আরো বলেন, পেটেন্ট অর্জন ছাড়া বিশ্ববিদ্যালয় উদ্র্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমভাবে গ্রহণযোগ্য হবেনা, তাই গাকৃবির উদ্র্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের পেটেন্ট অর্জন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে” পেটেন্টকে সহজীকরণ করতে বর্তমান সরকারও বহুমুখী কার্যকর উদ্যোগ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্যের বক্তব্যের পর হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।