০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নিহত ৩১ জনের পরিবার পেল ৫ লাখ টাকা করে, ফেনীতে ১ কোটি ৬৬ লাখ টাকার ক্ষতিপূরণ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৪-১১-২০২৬
নিহত ৩১ জনের পরিবার পেল ৫ লাখ টাকা করে, ফেনীতে ১ কোটি ৬৬ লাখ টাকার ক্ষতিপূরণ ছবিঃ সংগৃহীত

১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক পেয়েছে জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবার। ক্ষতিপূরণ হিসেবে দেওয়া এ অর্থ আজ সকালে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে হস্তান্তর করা হয়; উদ্যোগটি ছিল জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন।

সংসদ সদস্য বলেন, জনগণের গতিপ্রকৃতি বুঝে সড়ক সম্প্রসারণ এবং পথচারী ও চালকদের সচেতনতা—এ দুইয়ের সমন্বয়ে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হবে।

জেলা প্রশাসকের ভাষ্য, সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতির মূল্য টাকায় মাপা যায় না; যে ক্ষতি অপূরণীয়, টাকা দিয়ে তা পূরণ হয় না। দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞা, তন্দ্রা মনি দেবীসহ অন্য উপকারভোগীরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও জানান তাঁরা।

রায়হানুল ইসলাম ভূঞা জানান, বাবার সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটি গাড়ি চাপা দিলে তাঁর বাবা মারা যান। পরে আবেদন করে সহায়তার চেক পেয়েছেন, এতে তাঁর অনেক উপকার হয়েছে।

বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আল ফয়সাল জানান, জেলায় নিহত ৩১ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আর গুরুতর আহত ও আহত ৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছে ১১ লাখ টাকার চেক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, পরিবহন মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ