ছবিঃ সংগৃহীত
ব্রুনাই দারুসসালামের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য দেশটিকে আহ্বান জানিয়েছে ঢাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সেখানেই তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে দুই মন্ত্রীই বৈঠকে সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও বিনিয়োগে ব্রুনাইকে উৎসাহ দেন হুমায়ুন কবির। জনশক্তি সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা মেটাতে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত।
ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী তাঁর দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ জানান তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান হুমায়ুন কবির।