০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাতে শি জিনপিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
চীনা মন্ত্রী লিউ হাইশিংয়ের সাক্ষাতে শি জিনপিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির ছবিঃ সংগৃহীত

চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং আজ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বাসসকে বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি সই এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ‘এসব উদ্যোগ বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সংযোগ গড়তে প্রস্তাবিত করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুমাত্রিক যোগাযোগ বিস্তারে প্রেসিডেন্ট শি জিনপিং যে প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর পাশাপাশি সুবিধাজনক সময়ে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান তৈরি ও রপ্তানি বহুমুখীকরণে সহায়ক খাতগুলোতে বিশেষভাবে বিনিয়োগ করতে বাংলাদেশে থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি গুরুত্ব দেন রাষ্ট্রপতি। চীনের মন্ত্রীও তখন সবুজ জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতালের অর্থায়ন ও নির্মাণে সহায়তার জন্য চীনকে ধন্যবাদ দেন রাষ্ট্রপতি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীন যেন সক্রিয় ভূমিকা অব্যাহত রাখে, সে প্রত্যাশাও জানান তিনি। এ ক্ষেত্রে নিজেদের সহযোগিতা চলতে থাকবে বলে আশ্বস্ত করেন চীনা মন্ত্রী।

চলমান জ্বালানি সংকটে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

১৯৭৭ ও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, ঐতিহাসিক সেই সফরগুলোর মধ্য দিয়েই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত রচিত হয়েছিল।

লিউ হাইশিং বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভিত গড়ে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে; পরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে সে সম্পর্ক আরও জোরদার হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সম্পর্ক আরও দৃঢ় ও বিস্তৃত হবে—এমন আশাও প্রকাশ করেন চীনা মন্ত্রী।

নিজের সর্বশেষ চীন সফরের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, চীনের ভাইস প্রেসিডেন্ট ও সফররত মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকগুলো ফলপ্রসূ হয়েছিল, যা পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা রেখেছে।

গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় এবং সমঝোতা স্মারকসহ নানা সহযোগিতা-সংক্রান্ত দলিল সইকে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বলে আখ্যা দেন তিনি।

লিউ হাইশিংয়ের সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্যও কামনা করেন রাষ্ট্রপতি।

এর আগে মন্ত্রী লিউ হাইশিং বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি নিজে তাঁকে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করেন। নিজের সচিবদের সঙ্গে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর পরিচয়ও করিয়ে দেন তিনি।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও মন্ত্রণালয়ের সচিব (সমন্বয়) সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সৌজন্য সাক্ষাতের পর চীনের আন্তর্জাতিক মন্ত্রী ও প্রতিনিধিদলের অন্য সদস্যদের বঙ্গভবন ঘুরিয়ে দেখান রাষ্ট্রপতি। তখন তাঁদের দেখানো হয় চীনা মন্ত্রীর পিতা ও সাবেক রাষ্ট্রদূত লিউ শুকিংয়ের একটি ভিডিওচিত্র—১৯৮০ সালে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে তাঁর পরিচয়পত্র পেশের দৃশ্য। পাশাপাশি এল জি আর ডি মন্ত্রী থাকার সময়ে রাষ্ট্রপতির চীন সফরের আলোকচিত্রও প্রদর্শিত হয়।

সে সময় সেখানে ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব ও প্রেস সচিব।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ