ছবিঃ সংগৃহীত
হাইব্রিডসহ বিভিন্ন যানবাহনের জোরালো চাহিদার জেরে চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে জাপানের গাড়ি নির্মাতা টয়োটা। প্রতিষ্ঠানটি এখন বছরে ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ইয়েন (২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার) নিট মুনাফার আশা করছে।
বিক্রির হিসাবে বিশ্বের সবচেয়ে বড় এই গাড়ি নির্মাতা বৃহস্পতিবার জানায়, কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং ভূমিকম্প ও বন্যায় উৎপাদন বিঘ্নিত হওয়ার ধাক্কা তারা সামলে উঠতে পেরেছে।
উৎপাদনকেন্দ্রগুলোতে পুনরুদ্ধারের কাজ জোরদার এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা দক্ষতার সঙ্গে পরিচালনার মধ্য দিয়েই এসব প্রতিকূলতা কাটিয়েছে টয়োটা। এর ফলে মোট যানবাহন বিক্রির ধারাবাহিকতাও ধরে রাখা গেছে।