০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ২

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ২ ছবিঃ সংগৃহীত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের একজনকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের ভৈরব ব্রিজ এলাকায় এবং মঙ্গলবার রাতে প্রেমবাগ উড়োতলা এলাকায় প্রাণহানির এসব ঘটনা ঘটে। এ ছাড়া বুধবার যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস, একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব এবং বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন।

নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন নিহত হন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুর্ঘটনায় হোসেন আলী গুরুতর আহত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে বুধবার যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির কেবিন মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের সঙ্গে বেশ কিছুদূর চলে যায়। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হন। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংটি ঘিরে নিরাপত্তাঝুঁকি রয়ে গেছে।

ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, সড়ক দুর্ঘটনাগুলোর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পৃথক এসব দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ