ছবিঃ সংগৃহীত
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে এখনই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের টিকিট পেতে ১৯৩টি দেশ থেকে প্রায় ৩০ লাখ সমর্থক নিবন্ধন করেছেন। সব মিলিয়ে বিভিন্ন ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের চাহিদা। এমনকি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে টিকিটের আবেদন বিশ্বকাপ ফাইনালের চাহিদাকেও ছাড়িয়ে গেছে। গতকাল নিজেদের ওয়েবসাইটে টিকিটের চাহিদা নিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ১৪ দলের এই বিশ্বকাপ। ২ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
আইসিসির তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিট পেতে আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ। একই মাঠে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ৮০ লাখ সমর্থক। অর্থাৎ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের চেয়েও বেশি আগ্রহ তৈরি করেছে ভারত-পাকিস্তান লড়াই।
টিকিটের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনো চলছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এরই মধ্যে প্রায় ৩০ লাখ সমর্থক নিবন্ধন সম্পন্ন করেছেন। পাশাপাশি বিভিন্ন ম্যাচের জন্য ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন হয়েছে, যা বিশ্বকাপের অন্য ম্যাচগুলো নিয়েও দর্শকদের ব্যাপক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।