ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের জেরে আবারও আইনি জটিলতায় পড়েছেন বলিউড নির্মাতা অনুরাগ কশ্যপ। এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিকবার আদালতের নোটিস পেয়েও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের গুজরাটের সুরাটের একটি আদালত। আগামী ২৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান এ পরোয়ানা জারির নির্দেশ দেন। অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল জানিয়েছেন, আদালতে হাজির হওয়ার জন্য অনুরাগকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশের কথা জানানো হয়। কিন্তু কোনো নোটিসের জবাব না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে এ নির্দেশ দিয়েছেন।
মামলার সূত্রপাত চলতি বছরের মে মাসে। আইনজীবী কমলেশ রাওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরাগের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ ও ৩৫২(২) ধারায় মামলা করার নির্দেশ দেন আদালত। এসব ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও শত্রুতা উসকে দেওয়া, ইচ্ছাকৃতভাবে অপমান করে শান্তিভঙ্গের পরিস্থিতি সৃষ্টি এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগের বিষয় রয়েছে। কমলেশ রাওয়াল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেন।
২০২৫ সালের ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনুরাগের দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। ওই পোস্টে ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে পরিচালকের মন্তব্যের বিরোধিতা করেন আদিত্য নামের এক ব্যক্তি। এর জবাবে অনুরাগ তাকে প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? এ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন কমলেশ রাওয়াল।