ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ইসলামী বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ইসলামী শিক্ষার প্রসারে মাওলানা শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক একেএম জিয়াউল হক শামীম। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইসলামী বই মানুষের জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বইয়ের মাধ্যমে পবিত্র কোরআন, হাদিস, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের বিভিন্ন শিক্ষা সম্পর্কে জানা যায়।
তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ইসলামী আদর্শের প্রচার ও প্রসারেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।