০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভেপের কারণে কণ্ঠস্বর হারানোর শঙ্কায় সেলেনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৬
ভেপের কারণে কণ্ঠস্বর হারানোর শঙ্কায় সেলেনা ছবিঃ সংগৃহীত

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ জানিয়েছেন, অতিরিক্ত নিকোটিনযুক্ত ভেপ ব্যবহারের কারণে তার কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের ভেপের আসক্তি ও এর প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। একই সঙ্গে নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসার কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই তারকা।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ৩৪ বছর বয়সি সেলেনা বলেন, অতিরিক্ত নিকোটিন ভেপ ব্যবহারের কারণে তার কণ্ঠস্বর আগের মতো নেই। কণ্ঠস্বরের এই পরিবর্তন আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, নিকোটিনের আসক্তি থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। যারা ভেপ ব্যবহার করছেন কিংবা ব্যবহারের কথা ভাবছেন, তাদের এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে কিছুটা রসিকতাও করেন সেলেনা। তিনি বলেন, কেউ যদি তার বর্তমান কণ্ঠস্বর শুনতে পছন্দ না করেন, তাতেও তার আপত্তি নেই। তবে ভেপ ব্যবহারের সিদ্ধান্তকে তিনি নিজের বড় ভুল হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি নিকোটিনের ব্যবহার ছেড়ে দিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। আসক্তি থেকে বেরিয়ে আসতে পেরে আনন্দিত সেলেনা বলেন, তিনি আশা করছেন ভবিষ্যতেও এই অভ্যাস থেকে দূরে থাকতে পারবেন। একই সমস্যায় যারা ভুগছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিষয়টি কঠিন হলেও চেষ্টা করলে আসক্তি কাটিয়ে ওঠা সম্ভব।

এদিকে, সময়ের সঙ্গে সেলেনার কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যেও আলোচনা রয়েছে। তার কথা বলার ধরন কীভাবে বদলেছে, তা তুলে ধরে ইউটিউবে বিভিন্ন সংকলিত ভিডিও প্রকাশ করেছেন অনেকে। তবে বয়স বাড়ার স্বাভাবিক প্রভাবের পাশাপাশি তার কণ্ঠস্বরের পরিবর্তনের পেছনে ভেপ ব্যবহারের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

ভেপিংয়ের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। এ ধরনের পণ্য ব্যবহারের সঙ্গে শ্বাসকষ্ট, কাশি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, দাঁতের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মানসিক স্বাস্থ্যের জটিলতা এবং চোখের বিভিন্ন উপসর্গের সম্পর্ক পাওয়া গেছে বলে চিকিৎসকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ভেপিংয়ের প্রভাব সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ভেপে থাকা নিকোটিন অত্যন্ত আসক্তিকর। এ কারণে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা শিশু ও অধূমপায়ীদের ভেপ ব্যবহার শুরু না করার পরামর্শ দিয়ে থাকে। তবে প্রচলিত ধূমপান ছেড়ে দেওয়ার বিকল্প হিসেবে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের জন্য ভেপিং কার্যকর হতে পারে বলে প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ লুপাসে আক্রান্ত সেলেনা এর আগে জানিয়েছিলেন, এ রোগ তার স্বরযন্ত্রেও প্রভাব ফেলতে পারে। ফলে তার কণ্ঠস্বরের পরিবর্তনের বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ