০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শাহরুখের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা দেননি কীর্তি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৬
শাহরুখের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা দেননি কীর্তি ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের কাছে বলিউড তারকা শাহরুখ খান বরাবরই প্রিয়। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে একসময় স্কুলের পরীক্ষাও ফাঁকি দিয়েছিলেন তিনি। একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে শাহরুখের সিনেমার শুটিং সেটে চলে গিয়েছিলেন কীর্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কুলজীবনের সেই মজার স্মৃতি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বর্তমানে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন কীর্তি সুরেশ। সিরিজটির প্রচারের অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা বললেও পরে মনে পড়ে স্কুলজীবনের সেই বিশেষ ঘটনার কথা।

কীর্তি জানান, তার বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবেও প্রায় সাত-আট বছর কাজ করেছেন তিনি। সেই সুবাদেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ পান কীর্তি।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল তার। এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শুটিং সেটে গিয়েছিলেন তারা। প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত আজও বিশেষ স্মৃতি হয়ে আছে তার কাছে।

শাহরুখের সঙ্গে তোলা একটি ছবিও যত্ন করে নিজের কাছে রেখেছেন কীর্তি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে তার। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ছবিতে তাকে খুব একটা ভালো দেখাচ্ছে না বলে সেটি আবার প্রকাশ করতে চান না। সেদিন পুরোনো সালোয়ার পরেছিলেন এবং কপালে ছিল বড় টিপ। তবে সেই সময়ের স্মৃতিগুলো এখনো তার কাছে দারুণ আনন্দের।

অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ থাকলেও কীর্তির বাবা মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার চেয়েছিলেন, অভিনয়ে আসার আগে মেয়ে যেন পড়াশোনা শেষ করে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে স্কুলজীবনেই সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন কীর্তি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ