০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

অভিনয়ে নতুনত্ব চান শরীফুল রাজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৬
অভিনয়ে নতুনত্ব চান শরীফুল রাজ ছবিঃ সংগৃহীত

চরিত্রের বৈচিত্র‍্য আর গল্প নির্বাচনে সচেতন শরীফুল রাজ। সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিয়ে পর্দায় নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন এই অভিনেতা। নিয়মিত সিনেমায় দেখা না গেলেও প্রতিটি কাজেই ভিন্ন কিছু করার আগ্রহ রয়েছে তাঁর। প্রথম সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা থেকেই চলচ্চিত্রের প্রতি ভালোবাসা তৈরি হয় রাজের। সেই ভালো লাগা থেকেই এখনো অভিনয়কে উপভোগ করছেন তিনি। তবে অভিনয়ের বাইরে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিতর্কেও উঠে এসেছে তাঁর নাম। বিশেষ করে ‘ঠিকানা’ সিনেমার শিডিউল নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আইনি নোটিশ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

নিজের অভিনয়জীবনের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম সিনেমার অভিজ্ঞতাকেই মনে করেন শরীফুল রাজ। তাঁর ভাষায়, প্রথম সিনেমা থেকেই অভিনয়ের অনেক কিছু শিখেছেন তিনি। পরিচালক রেদওয়ান রনি তাঁকে হাতে-কলমে কাজ শিখিয়েছেন। শুটিংয়ে গিয়ে অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের বিভিন্ন বিষয় সম্পর্কেও ধারণা পেয়েছেন। সেই অভিজ্ঞতাই তাঁকে চলচ্চিত্রে আরও কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত অবশ্য শুরুতে সহজ ছিল না। আগ্রহ থাকলেও এই পেশায় ভবিষ্যৎ নিয়ে একসময় দ্বিধায় ছিলেন তিনি। পরে অভিনয়ের মধ্যেই নিজের ভালো লাগার জায়গা খুঁজে পান। এখন কাজটি উপভোগ করছেন বলে জানান রাজ। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে দেশের সিনেমায় ভালো কাজ হচ্ছে। তাই বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে পছন্দের গল্প ও চরিত্রে কাজ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

দেশের সিনেমা হলগুলোর বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, সময়ের সঙ্গে দর্শকের সিনেমা দেখার অভ্যাসে পরিবর্তন এসেছে। এখন শুধু সিনেমা হল থাকলেই দর্শক সেখানে যাবেন, এমনটা ভাবার সুযোগ নেই। হলের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। জরাজীর্ণ পরিবেশ কিংবা ধুলাবালুর মধ্যে বসে দর্শক কেন সিনেমা দেখবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ