১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৮-১১-২০২৬
রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মীর মনির হোসেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় এসে তিনি বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ ও ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতেও মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ