ছবিঃ সংগৃহীত
মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের চেতনা দেশপ্রেম ও জাতীয় ঐক্যের প্রেরণা জোগায় বলে উল্লেখ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা এসব মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁদের ভাষ্য, ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাজিত শক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।