ছবিঃ সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বরকল বাজার থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা বিএনপির পক্ষে নেতৃত্ব দেন সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মো. জাকির হোসেন জনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। দিবসটির ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য ও জাতীয় জীবনে এর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির ৫১তম বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাঙামাটির অন্যান্য উপজেলার মতো বরকলেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।