০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০৮-১১-২০২৬
ইংল্যান্ডের স্কোয়াডে নেই পালমার ও ফোডেন ছবিঃ সংগৃহীত

আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে লড়াইয়ের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই তরুণ ফুটবলার জুব বেলিংহ্যাম ও জশ কিং। অন্যদিকে দলে জায়গা হয়নি চেলসির কোল পালমার ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনের মতো তারকা ফুটবলারদের।

ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন জুব বেলিংহ্যাম। তিনি রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের ছোট ভাই। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্সের পাশাপাশি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে কোচের নজর কেড়েছেন এই মিডফিল্ডার।

এ ছাড়া প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সি জশ কিং। ফুলহ্যামের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুটি গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই তরুণ মিডফিল্ডার। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা হয়নি তার। তবে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার এবার পেয়েছেন কিং। এদিকে টুখেলের ঘোষিত দলে বেশ কয়েকজন পরিচিত তারকার অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তাদের মধ্যে অন্যতম চেলসির ফরোয়ার্ড কোল পালমার। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১১ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও কেন তাকে দলে রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, আগের আন্তর্জাতিক বিরতিতে দল থেকে পালমারের নাম প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নেননি কোচ টুখেল।

দলে নেই ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেনও। চলতি মৌসুমে ছয় ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছয়টি অবদান রাখলেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি তিনি। বিশ্বকাপের দল এবং পরবর্তী আন্তর্জাতিক বিরতিতেও উপেক্ষিত ছিলেন এই ইংলিশ তারকা।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাইনো চোটের কারণে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ