০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মেলায় সাংবাদিকের আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রভাও

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৬
মেলায় সাংবাদিকের আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রভাও ছবিঃ সংগৃহীত

আদালত চত্বরে চিত্রনায়িকা পরীমণি ও এক সাংবাদিকের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিব্রতকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, কয়েক দিন আগে একটি মেলায় সাক্ষাৎকার দেওয়ার সময় এক সংবাদকর্মীর আচরণে চরম অস্বস্তিতে পড়েছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রভা বলেন, কোনো ঘটনা যাচাই না করে সহকর্মীর পক্ষ নেওয়া উচিত নয়।

ভিডিও বার্তায় প্রভা বলেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও অনেক সময় তা এড়িয়ে যেতে হয়। তবে কিছু বিষয় নিয়ে নীরব থাকলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। পরীমণির ঘটনাটি প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অভিযুক্ত সংবাদকর্মীকে ঢালাওভাবে সমর্থন না করে পুরো বিষয়টি যাচাই করা প্রয়োজন। কারণ, এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় নারী শিল্পীদেরও।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা জানান, কিছুদিন আগে একটি মেলায় গিয়েছিলেন তিনি। সেখানে ত্বকের যত্নের বিভিন্ন পণ্যের প্রদর্শনী চলছিল। ওই সময় কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেদিনের সাক্ষাৎকারগুলো প্রচারও হয়েছে। তবে একজন সংবাদকর্মীর আচরণে তিনি এতটাই বিব্রত হয়েছিলেন যে, ওই ব্যক্তি সাংবাদিক না হলে তাকে স্যান্ডেল দিয়ে মারতেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে প্রভা বলেন, ওই সংবাদকর্মী একসঙ্গে কয়েকটি মাইক্রোফোন তার দিকে এগিয়ে দিচ্ছিলেন। তিনি যতবার সরে যাচ্ছিলেন, ওই ব্যক্তি ততবারই মাইক্রোফোন নিয়ে তার কাছে এগিয়ে আসছিলেন। এতে তার মনে হচ্ছিল, সামান্য নড়াচড়া করলেই ওই ব্যক্তির হাত তার শরীরে লেগে যেতে পারে। এমন পরিস্থিতি এড়াতে তিনি বারবার পিছিয়ে যান এবং একপর্যায়ে নিজের ফোন এমনভাবে ধরে রাখেন, যাতে ওই সংবাদকর্মীর সঙ্গে তার শরীরের স্পর্শ না লাগে।

প্রভা জানান, তিনি হাসিমুখেই ওই সংবাদকর্মীকে নিজের অস্বস্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত আরেক সাংবাদিক বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন এবং মাইক্রোফোনগুলো নিজের হাতে নিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। একজন সাংবাদিকের সঙ্গে আরেকজনের আচরণের পার্থক্য এখানেই বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে প্রভা আরও বলেন, কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে সমর্থন করা ঠিক নয়। পরীমণির অভিযোগ সত্যও হতে পারে। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে একজন মানুষ হিসেবে অন্যের অস্বস্তি ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তার পরিস্থিতিটিও ছিল অত্যন্ত বিব্রতকর।

আদালত চত্বরে পরীমণির উত্তেজিত আচরণের প্রসঙ্গেও কথা বলেন প্রভা। তার মতে, একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হলেই সব সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এমনটা ভাবা ঠিক নয়। পরীমণিও একজন মানুষ। একক মা হিসেবে তার জীবনযাত্রা সহজ নয়। এ ছাড়া তাকে ঘিরে মানুষের কৌতূহলও রয়েছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

পরীমণির ঘটনাটি পূর্ণাঙ্গভাবে তদন্তের আহ্বান জানিয়ে প্রভা বলেন, তিনি নিজেও একাধিকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেই বিষয়টি নিয়ে কথা বলছেন। অভিযুক্ত সংবাদকর্মী সত্যিই অপরাধ করে থাকলে তাকে কোনোভাবেই সমর্থন করা উচিত নয়। তবে সিদ্ধান্তে পৌঁছানোর আগে অভিযোগ যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ