০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রেজাউল করিম খান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৬
উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রেজাউল করিম খান ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান। তিনি বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় বোর্ডের ১ নম্বর ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেয়ারম্যান বলেন, উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, দক্ষ, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক বলেন, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

বিদ্যালয় পরিদর্শক ও উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় তিনি বলেন, জাতীয় দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ