দেশের পরিবর্তনে সমবায় নেতাদের বলিষ্ঠ ভূমিকা চান এমপি ওয়াহাব
সমবায়ের সম্মিলিত শক্তিতেই বদলাতে পারে মানুষের ভাগ্য
সংগৃহীত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবর্তনে নতুন ধারার সূচনা করছেন। এ পরিবর্তন বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে ৫৫তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মুহাম্মদ আবদুল্লা আল মামুন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক বিশ্বাস ও ঐক্য। সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র পুঁজি একত্র করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এ জন্য সমিতির আয়-ব্যয়ে স্বচ্ছতা, নিয়মিত সভা এবং যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে হবে। সফল সমিতিগুলোর কার্যক্রম অনুসরণ করে অন্য সমিতিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স