১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেড় দশকে শিক্ষাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, পুনর্গঠনে কাজ চলছে : রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
দেড় দশকে শিক্ষাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, পুনর্গঠনে কাজ চলছে : রাষ্ট্রপতি ছবিঃ সংগৃহীত

ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষ্য, গত দেড় দশকে শিক্ষাব্যবস্থাসহ এসব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

আজ সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান ছিলেন দলটির নেতৃত্বে। তাঁদের সঙ্গে আলাপকালেই রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ খবর জানিয়েছেন।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সার্বিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা ও চাহিদার কথাও রাষ্ট্রপতির নজরে আনা হয়। জবাবে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আসন্ন প্রস্তাবিত সমাবর্তনে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণটি গ্রহণ করে সমাবর্তনে থাকার আশ্বাস দেন।

সাক্ষাতে আরও ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ