০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আনতালিয়ায় কপ৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যাত্রা কাল

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৯-১১-২০২৬
আনতালিয়ায় কপ৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যাত্রা কাল ছবিঃ সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ থেকে ১২ নভেম্বরের এই সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তিনি এবং সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তাঁর বসার কথা রয়েছে।

তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর সম্মেলনটি বসবে। এর মধ্যে ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সফরের প্রস্তুতি ও কর্মসূচির নানা দিক জানাতে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দলে আরও থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

পররাষ্ট্র সচিবের তথ্য অনুযায়ী, সম্মেলনের বাইরে প্রধানমন্ত্রীর অন্য কর্মসূচিগুলো চূড়ান্ত করার কাজ এখনও চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের নানা বিষয় এসব বৈঠকে আলোচনায় আসতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও কাজ করা হচ্ছে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘আশা করছি এই কর্মসূচিগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।’

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে কি না, এমন প্রশ্নে তিনি জানান, সে সম্ভাবনা আছে এবং সেখানে দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে কথা হতে পারে। তাঁর মতে, দুই পক্ষ বৃহত্তর সম্পর্ক নিয়েও আলোচনা করতে পারে; তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে হওয়া সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে জাপানি কনসোর্টিয়ামের অধীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগী হয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার বিষয়ে তুর্কি কোম্পানি ‘চেলেবি’-এর আগ্রহ প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এ ধরনের বৈঠকে নির্দিষ্ট ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা কম।

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও লোকসানের ক্ষতিপূরণ প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সচেতনতা তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার পথ সহজ করতে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিজেদের ক্ষয়ক্ষতির প্রাক্কলন উপস্থাপন করে।

তাঁর ব্যাখ্যা, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ক্ষয়ক্ষতি নিয়ে নানা ধরনের প্রাক্কলন আছে, আর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ সেগুলো তুলে ধরে। আন্তর্জাতিক অঙ্গনে এভাবে উপস্থাপনের ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতনতা গড়ে ওঠে, যা দেশের পক্ষে কাজ করে।

পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়ন প্রশ্নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা উপস্থাপন করবেন বলে জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের ভাগ মাত্র ০.০৫ শতাংশ; তবু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিচারে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করাকে দেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

অভিযোজন-সংক্রান্ত অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্য সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাওয়া অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

সম্মেলনের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলন চলাকালে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণায় সই করার পরিকল্পনাও আছে।

১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটির বিষয় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লিঙ্গভিত্তিক ঝুঁকি। অন্যটিতে কৃত্রিম পলিমার-ভিত্তিক পণ্যের বদলে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা এবং এ খাতের নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা যে বিশেষ ঝুঁকিতে পড়েন, সেদিকে আন্তর্জাতিক মহলের মনোযোগ টানা এবং পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের লক্ষ্য।

সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এবারের সম্মেলনে সভাপতির দায়িত্বে তুরস্ক; আর জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় সহ-সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।

সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি। আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও বিভিন্ন অংশীজনের পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার ঠিক করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

তাঁর আশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। সেই সঙ্গে জলবায়ু সহনশীলতা অর্জনে দেশের প্রচেষ্টা, অভিজ্ঞতা ও সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগও তৈরি হবে।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ