ছবিঃ সংগৃহীত
‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’সহ তিনটি বিভাগে স্বর্ণপদক জিতে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ‘একাদশ শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস, ২০২৬’-এ এ বছরের সেরা এয়ারলাইনের খেতাব পেয়েছে ক্যাথে প্যাসিফিক।
বিমান চলাচল ও পর্যটনবিষয়ক সাময়িকী ‘দ্য বাংলাদেশ মনিটর’ গতকাল রোববার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী বিশিষ্ট অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
বেশ কয়েকটি বিভাগে রৌপ্যপদক পাওয়ার পাশাপাশি ‘বেস্ট ইকোনমি ক্লাস’ বিভাগেও স্বর্ণপদক জিতেছে ক্যাথে প্যাসিফিক।
ইউএস-বাংলার তিনটি স্বর্ণপদক এসেছে ‘ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’, ‘মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ এবং ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’ বিভাগে।
সেবার মোট ২৬টি বিভাগে এবারের পুরস্কার দেওয়া হয়েছে। নিয়মিত আকাশপথের যাত্রীদের অনলাইন ভোট আর বিচারকমণ্ডলীর মূল্যায়ন মিলিয়ে বিজয়ী বাছাই করা হয়।
গত বছরের ভ্রমণ-অভিজ্ঞতার ভিত্তিতে ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলা এ ভোটে প্রায় ২ হাজার ৪০০ নিয়মিত আকাশপথের যাত্রী অংশ নিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বর্ণপদক পেয়েছে দুটি বিভাগে—‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট ওয়েজ-আর্নার-ফ্রেন্ডলি এয়ারলাইন’।
চারটি বিভাগে স্বর্ণপদক ঘরে তুলেছে এমিরেটস: ‘বেস্ট বিজনেস ক্লাস’, ‘বেস্ট ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট’, ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন বিজনেস ক্লাস’ ও ‘বেস্ট লয়্যালটি প্রোগ্রাম’ (এমিরেটস স্কাইওয়ার্ডস)।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্বর্ণপদক এসেছে ‘বেস্ট কেবিন সার্ভিস ইন ইকোনমি ক্লাস’ ও ‘বেস্ট এয়ারলাইন কেবিন ক্রু’ বিভাগে। টার্কিশ এয়ারলাইন্স পুরস্কার পেয়েছে ‘বেস্ট লং-হল এয়ারলাইন’ এবং ‘আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস’ বিভাগে।
কাতার এয়ারওয়েজ হয়েছে ‘বেস্ট মিডিয়াম-হল এয়ারলাইন’, আর ‘বেস্ট শর্ট-হল এয়ারলাইন’-এর স্বীকৃতি গেছে থাই এয়ারওয়েজের ঘরে।
‘বেস্ট বাজেট এয়ারলাইন’ পুরস্কার জিতেছে ইন্ডিগো। ‘বেস্ট স্টুডেন্ট-ফ্রেন্ডলি এয়ারলাইন’ মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ‘কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার’ সৌদিয়া কার্গো।
এ ছাড়া যাত্রী পরিবহন ও জনমত বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ১০টি এয়ারলাইন ব্র্যান্ডকেও অনুষ্ঠানে স্বীকৃতি জানানো হয়।
বিমানসেবার উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া এবং দেশের বিমান পরিবহন খাতে সেবার মান বাড়াতে উৎসাহ জোগানোর লক্ষ্যে ‘দ্য বাংলাদেশ মনিটর’ ২০০৭ সালে এ পুরস্কার চালু করে।